- Advertisement -Newspaper WordPress Theme

এবার মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপনে ক্লিনিক্যাল ট্রায়াল করবে থাইল্যান্ড

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের সংকট মোকাবিলায় জিনগতভাবে পরিবর্তিত (জেনেটিক্যালি মডিফায়েড) শূকরের কিডনি নিয়ে গবেষণার জন্য ‘থাইল্যান্ড জেনোট্রান্সপ্লান্টেশন হাব’ বা ‘টি-জেনো হাব’ চালুর পরিকল্পনা ঘোষণা করেছে থাইল্যান্ড। আগামী পাঁচ বছরের মধ্যে মানবদেহে এই কিডনি প্রতিস্থাপনের প্রাথমিক পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

থাইল্যান্ডের উচ্চশিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন মন্ত্রণালয় এবং মাহিদল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে। এ উদ্যোগে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে থাইল্যান্ডের অন্যতম বৃহৎ কৃষি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেতাগ্রো পাবলিক কোম্পানি লিমিটেড এবং নিউজিল্যান্ডের খ্যাতনামা জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান এনজেনো লিমিটেড। সংশ্লিষ্ট অংশীদারদের আশা, এ উদ্যোগের মাধ্যমে থাইল্যান্ড আসিয়ান অঞ্চলে এ ধরনের প্রথম গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সম্প্রতি ব্যাংককের প্রিন্স মাহিদল হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাহিদল বিশ্ববিদ্যালয়, বেতাগ্রো ও এনজেনো যৌথভাবে ‘এমইউ বায়োগ্রো কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানও গঠন করেছে।

গবেষণা সংশ্লিষ্টরা জানান, থাইল্যান্ডে বর্তমানে ১ লাখ ১০ হাজারের বেশি দীর্ঘস্থায়ী কিডনি রোগী রয়েছেন। তাঁদের অধিকাংশই দাতা অঙ্গের অভাবে চিকিৎসা সংকটে ভুগছেন। ভিন্ন প্রজাতির প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের প্রযুক্তি ‘জেনোট্রান্সপ্লান্টেশন’ এ সংকট নিরসনে নতুন আশার আলো দেখাচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ১৮ মাসের মধ্যে মাহিদল বিশ্ববিদ্যালয়ের কাঞ্চনাবুরি ক্যাম্পাসে বিশেষ জীবাণুমুক্ত পরিবেশে শূকর উৎপাদনের একটি আধুনিক কেন্দ্র গড়ে তোলা হবে। নিউজিল্যান্ডের এনজেনো লিমিটেড এ গবেষণার জন্য প্রয়োজনীয় মেডিকেল-গ্রেড কোষ এবং জিন সম্পাদনার কারিগরি সহায়তা দেবে। অন্যদিকে, বেতাগ্রো তাদের জৈব-নিরাপত্তা ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাবে।

গবেষকরা আশা করছেন, পরীক্ষাগারে সফলতার পর অন্যান্য প্রাণীর দেহে নিরাপত্তা যাচাই শেষে আগামী পাঁচ বছরের মধ্যে এ প্রযুক্তি মানবদেহে প্রয়োগের উপযোগী হয়ে উঠবে। সফল হলে চিকিৎসাবিজ্ঞানে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে বৈশ্বিক স্বাস্থ্যসেবা ও বায়োটেকনোলজি কেন্দ্র হিসেবে থাইল্যান্ডের অবস্থান আরও শক্তিশালী হবে।

সর্বশেষ

আরও