বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে পরিকল্পিতভাবে সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বিদেশের নির্দিষ্ট একটি দেশের ওপর নির্ভরশীল করে তুলতেই সচেতনভাবে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
তারেক রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে প্রতিদিন প্রায় ৪০ লাখ মানুষকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হয়। বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক উল্লেখ করে তিনি জানান, ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও গত কয়েক মাসে স্বাস্থ্যসেবায় নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করেছে বর্তমান সরকার।
এ ছাড়া উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিদ্যমান ৫০ শয্যার প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ পরিকল্পনার প্রথম ধাপের দরপত্র প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।


