মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ‘হিলিং কল’ নামে একটি উদ্যোগ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এখন থেকে গার্ডিয়ানের কল সেন্টার ১৬৬২২-তে ফোন করে ৮ চাপলে মানসিক সহায়তা হেল্পলাইন ‘কান পেতে রই’ এবং ‘দ্য পার্পললাইন’-এর পেশাজীবীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন সেবাগ্রহীতারা।
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও ব্যক্তিগত নানা বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ ও সহায়তা নেওয়া যাবে।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য এখনো অনেকের কাছে একটি ট্যাবু ও সংবেদনশীল বিষয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ-এর তথ্য অনুযায়ী, দেশে প্রায় তিন কোটি মানুষ কোনো না কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সামাজিক নেতিবাচক ধারণা ও অন্যের সমালোচনার শিকার হওয়ার ভয়ে অনেকেই নিজের সমস্যার কথা বলতে বা প্রয়োজনীয় সহায়তা নিতে সংকোচ বোধ করেন।


