- Advertisement -Newspaper WordPress Theme

শীত এলেই দেশ বদলায় কেন পাখি?

শীতের আগমনের সঙ্গে সঙ্গে দেশের বিল, হাওর ও জলাভূমিতে বাড়তে থাকে অতিথি পাখির আনাগোনা। সুদূর সাইবেরিয়া, হিমালয় কিংবা শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে এসব পাখি। শীতের কয়েক মাস এখানে কাটিয়ে আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে আবার ফিরে যায় নিজেদের আবাসস্থলে। শুধু বাংলাদেশ নয়, প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি পাখি খাবারের সন্ধানে এবং প্রতিকূল আবহাওয়া এড়াতে পাড়ি জমায় নতুন গন্তব্যে।

কিন্তু প্রশ্ন হলো, কোনো মানচিত্র, কম্পাস কিংবা জিপিএস ছাড়াই কীভাবে হাজার হাজার মাইল দূরের গন্তব্য খুঁজে পায় তারা? কীভাবেই-বা বুঝতে পারে কোন পথে যেতে হবে, কখন যাত্রা শুরু করতে হবে কিংবা কখন ফিরে যেতে হবে?

বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, পাখির এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পেছনে রয়েছে বেশ কিছু অসাধারণ প্রাকৃতিক ক্ষমতা। পৃথিবীর চৌম্বকক্ষেত্র, সূর্যের অবস্থান, রাতের আকাশের তারা, ঘ্রাণশক্তি এমনকি স্মৃতিশক্তি ব্যবহার করেও তারা নিজেদের গন্তব্য খুঁজে নিতে পারে।

পাখির দিক নির্ণয়ের অন্যতম বিস্ময়কর ক্ষমতার নাম ম্যাগনেটোরিসেপশন। এর মাধ্যমে তারা পৃথিবীর চৌম্বকক্ষেত্র অনুভব করতে পারে। পৃথিবীর চৌম্বকক্ষেত্র অনেকটা অদৃশ্য কম্পাসের মতো কাজ করে, যা পাখিকে কোন দিকে যেতে হবে, সে বিষয়ে ধারণা দেয়।

বিজ্ঞানীদের ধারণা, পাখির চোখের রেটিনায় থাকা ক্রিপ্টোক্রোম নামের বিশেষ প্রোটিন এ প্রক্রিয়ায় ভূমিকা রাখে। চৌম্বকক্ষেত্রের প্রভাবে পাখির দৃষ্টিতে একধরনের বিশেষ সংকেত তৈরি হতে পারে। ফলে আকাশ মেঘলা থাকলেও দিক নির্ণয়ে সহায়তা পায় তারা। এ ছাড়া পাখির শরীরে থাকা লৌহজাতীয় কণাও চৌম্বকক্ষেত্র অনুভব করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।

শুধু পৃথিবীর চৌম্বকক্ষেত্র নয়, দিনের বেলায় সূর্যের অবস্থানও পাখির পথ চেনার গুরুত্বপূর্ণ উপায়। এ পদ্ধতিকে বলা হয় সূর্য কম্পাস। তবে সূর্যের অবস্থান দেখে দিক নির্ধারণের জন্য পাখিকে নিজের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ির সাহায্য নিতে হয়। কারণ, দিনের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থান পরিবর্তিত হয়। পাখিরা নিজেদের অভ্যন্তরীণ সময়ের সঙ্গে সূর্যের অবস্থানের হিসাব মিলিয়ে গন্তব্যের দিক ঠিক করে।

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, পাখির জৈবিক ঘড়ির স্বাভাবিক ছন্দে পরিবর্তন ঘটলে তাদের দিক নির্ণয়ের ক্ষমতাও প্রভাবিত হতে পারে।

আবার অনেক পরিযায়ী পাখি দিনের পরিবর্তে রাতে উড়তে বেশি পছন্দ করে। এ সময় তাদের পথ দেখায় আকাশের নক্ষত্র। বিশেষ করে নক্ষত্রগুলোর অবস্থান ও আপাত ঘূর্ণন পর্যবেক্ষণ করে তারা দিক নির্ধারণ করতে পারে। তরুণ পাখিরাও আকাশের নক্ষত্রের বিন্যাস দেখে দিক চেনার কৌশল শিখতে পারে। ফলে অন্ধকার রাতেও দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাদের জন্য সম্ভব হয়।

পাখির পথ চেনার ক্ষেত্রে ঘ্রাণশক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সামুদ্রিক পাখিরা ঘ্রাণের সাহায্যে নিজেদের অবস্থান বুঝতে পারে। বিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে, স্কোপোলির শিয়ারওয়াটার নামের সামুদ্রিক পাখির ঘ্রাণ নেওয়ার পথ বন্ধ করে দিলে সমুদ্রের ওপর দিয়ে চলার সময় তারা দিক হারিয়ে ফেলে। তবে স্থলভাগের ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে তাদের সমস্যা তুলনামূলক কম হয়।

এ ছাড়া পাখিরা একবার কোনো পথে চলাচল করলে নদী, পাহাড়, উপকূলীয় এলাকা ও অন্যান্য প্রাকৃতিক বৈশিষ্ট্য মনে রাখতে পারে। পরবর্তী সময়ে এসব পরিচিত স্থান তাদের গন্তব্য খুঁজে পেতে সাহায্য করে। অর্থাৎ জন্মগত ক্ষমতার পাশাপাশি অভিজ্ঞতা ও স্মৃতিও তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিযায়ী পাখির গন্তব্য নির্ধারণের পেছনে জিনগত বৈশিষ্ট্য ও অভিজ্ঞতা-দুটিই কাজ করে। অনেক প্রজাতির পাখির মধ্যে কখন, কোন ঋতুতে এবং কোন দিকে পরিযান করতে হবে, সে বিষয়ে জন্মগত প্রবণতা থাকে। পরবর্তী সময়ে পরিবেশ ও অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য তাদের পথচলার দক্ষতাকে আরও শাণিত করে।

সব মিলিয়ে, পৃথিবীর চৌম্বকক্ষেত্র থেকে শুরু করে সূর্য, নক্ষত্র, ঘ্রাণশক্তি ও স্মৃতির সমন্বয়ে তৈরি হয়েছে পাখির এক অসাধারণ প্রাকৃতিক দিকনির্ণয় ব্যবস্থা। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই হাজার হাজার মাইল দূরের গন্তব্যে পৌঁছে যাওয়ার এই দক্ষতা প্রকৃতির এক বিস্ময়। আর পাখির এই পরিযানপ্রক্রিয়া এখনো বিজ্ঞানীদের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: লাইভ সায়েন্স, ডিসকভার ওয়াইল্ডলাইফ

সর্বশেষ

আরও