- Advertisement -Newspaper WordPress Theme

অন্ত্রের ক্ষতি করতে পারে যে পাঁচ অভ্যাস

প্রতিদিন মলত্যাগ করলেই কোষ্ঠকাঠিন্য নেই, এমন ধরে নেওয়া ঠিক নয়। ভারতের পরিপাকতন্ত্র ও যকৃৎরোগ বিশেষজ্ঞ সৌরভ শেঠি ইনস্টাগ্রামে জানিয়েছেন, শক্ত মল, অতিরিক্ত চাপ দেওয়া এবং পেট পুরোপুরি পরিষ্কার হয়নি মনে হওয়াও কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে। অন্ত্রের স্বাস্থ্য নিয়ে পাঁচটি সাধারণ ভুলের কথা তুলে ধরেছেন তিনি।

প্রথমটি হলো টয়লেটে বসে ফোন ব্যবহার। চিকিৎসক শেঠির মতে, ফোন দেখতে গিয়ে প্রয়োজনের চেয়ে বেশি সময় বসে থাকা হয়। এতে অর্শ বা পাইলসের ঝুঁকি বাড়তে পারে। তিনি ফোন বাইরে রেখে পাঁচ মিনিটের মধ্যে মলত্যাগ শেষ করার চেষ্টা করতে বলেছেন।

দ্বিতীয় ভুল, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া। নিয়মিত এমন করলে পাইলসের সমস্যা বাড়তে পারে। তলপেটের অঙ্গগুলোকে ধরে রাখা পেশিতেও সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে বেশি আঁশযুক্ত খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসক শেঠি। টয়লেটে বসার সময় পায়ের নিচে ছোট টুল রাখলেও মলত্যাগ সহজ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তৃতীয়ত, গ্যাস বা পেট ফাঁপার ভয়ে শিম-বিনজাতীয় খাবার পুরোপুরি এড়িয়ে যাওয়া। এসব খাবারের আঁশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে এবং মলত্যাগ নিয়মিত রাখে। শেঠি জানান, ডালজাতীয় খাবার বেশি খাওয়ার সঙ্গে বৃহদন্ত্র ও মলাশয়ের ক্যানসারের কম ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। গ্যাস কমাতে ভালোভাবে রান্না করা বিন অল্প পরিমাণে খাওয়া শুরু করার পরামর্শ দিয়েছেন তিনি।

চতুর্থ ভুলটি মলত্যাগের সংখ্যা দিয়েই কোষ্ঠকাঠিন্য বিচার করা। চিকিৎসক শেঠি মলের ধরন এবং মলত্যাগের পর পেট পরিষ্কার হওয়ার অনুভূতিতেও নজর দিতে বলেছেন।

পঞ্চমত, ঘন ঘন ব্যথানাশক খাওয়া। শেঠির ভাষ্য, আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ওষুধ পাকস্থলীতে ঘা এবং পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ঘটাতে পারে, বিশেষত বারবার ব্যবহারে। শুধু দৈনন্দিন মানসিক চাপ নয়, পাকস্থলীর ঘায়ের সঙ্গে সাধারণত এইচ পাইলোরি জীবাণুর সংক্রমণ বা নির্দিষ্ট ব্যথানাশকের সম্পর্ক থাকে। অপ্রয়োজনে এসব ওষুধ না খেতে বলেছেন চিকিৎসক শেঠি। নিয়মিত ব্যথা কমানোর ওষুধ প্রয়োজন হলে নিরাপদ বিকল্প নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ

আরও