- Advertisement -Newspaper WordPress Theme

সিডনিতে বসে সাংহাইয়ে অস্ত্রোপচার, ৭ হাজার কিলোমিটার দূরত্বেও সফল পরীক্ষা

সিডনিতে বসে সাংহাইয়ে অস্ত্রোপচার, ৭ হাজার কিলোমিটার দূরত্বেও সফল পরীক্ষা

 

কল্পবিজ্ঞান নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা! অস্ট্রেলিয়ার সিডনিতে বসে হাত নাড়ছেন একজন শল্যচিকিৎসক, আর প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে চীনের সাংহাইয়ের একটি হাসপাতালে রোবটের মাধ্যমে চলছে অস্ত্রোপচার। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এই অভাবনীয় অগ্রগতির খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যম।

সিডনির ‘ক্রিস ওব্রায়েন লাইফহাউস’-এ বসে দূরনিয়ন্ত্রিত এই আন্তমহাদেশীয় অস্ত্রোপচারের সফল পরীক্ষা চালান সহযোগী অধ্যাপক রুবেন থানাগাসালম। তিনি সিডনিতে বসেই সাংহাইয়ে রাখা একটি কৃত্রিম কিডনি কেটে পুনরায় নিখুঁতভাবে সেলাই করেন।

এই অস্ত্রোপচারে ব্যবহার করা হয় অত্যাধুনিক ‘টুমাই’ রোবট। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় উচ্চগতির ফাইভ-জি ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে। চিকিৎসক সিডনিতে বসে যেভাবে হাতের নড়াচড়া করেছেন, সাংহাইয়ে থাকা রোবটও একইভাবে নিখুঁতভাবে কাজ করেছে। পুরো প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সময়ের ব্যবধান বা সংযোগ বিচ্ছিন্নতার সমস্যা দেখা যায়নি।

চিকিৎসকদের মতে, এই সফল পরীক্ষা দূরবর্তী চিকিৎসাসেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশাল আয়তনের অস্ট্রেলিয়ায় প্রত্যন্ত অঞ্চলের রোগীদের জটিল চিকিৎসার জন্য প্রায়ই বড় শহরে যেতে হয়। রোবটনির্ভর এই প্রযুক্তি বাস্তবে চালু করা গেলে রোগীরা নিজ এলাকার হাসপাতালেই বসে দূরবর্তী বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় অস্ত্রোপচারের সুযোগ পেতে পারেন।

শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বের অন্যান্য দেশেও এই প্রযুক্তি চিকিৎসাসেবার পরিধি বাড়াতে পারে। বিশেষ করে যেখানে অভিজ্ঞ শল্যচিকিৎসকের সংকট রয়েছে, সেখানে দূরনিয়ন্ত্রিত অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অস্ট্রেলিয়ায় এ ধরনের আন্তমহাদেশীয় দূরবর্তী অস্ত্রোপচারের পরীক্ষা এটিই প্রথম বলে জানানো হয়েছে। চিকিৎসকদের আশা, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে আগামী ছয় মাসের মধ্যেই পরীক্ষাগারের বাইরে সরাসরি রোগীর শরীরে এই রোবোটিক অস্ত্রোপচার চালু করা সম্ভব হতে পারে।

সর্বশেষ

আরও