- Advertisement -Newspaper WordPress Theme

সেরেনা উইলিয়ামস কীভাবে ১৪ কেজি ওজন কমালেন

টেনিস কোর্টে দাপুটে পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে পরিচিত সেরেনা উইলিয়ামস। ২০২২ সালে পেশাদার টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিলেও ২০২৬ সালে আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফেরেন এই কিংবদন্তি। তবে এবার ক্রীড়াঙ্গনে আলোচনার পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তাঁর ওজন কমানোর অভিজ্ঞতা। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি চিকিৎসকের পরামর্শে জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহার করে ১৪ কেজির বেশি ওজন কমিয়েছেন তিনি।

সেরেনার দাবি, ওজন কমানোর পর শারীরিক ও মানসিক দুই দিক থেকেই আগের চেয়ে ভালো অনুভব করছেন। শরীর হালকা লাগার পাশাপাশি বেড়েছে কর্মক্ষমতা ও চলাফেরা। কমেছে শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথাও।

ওজন নিয়ে সমস্যার শুরু যেভাবে

২০১৭ সালে প্রথম সন্তান অ্যালেক্সিস অলিম্পিয়ার জন্মের পর থেকেই ওজন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন সেরেনা। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরও কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারছিলেন না। দীর্ঘদিনের খেলোয়াড়ি জীবনে শরীরকে ফিট রাখার অভিজ্ঞতা থাকলেও এবার প্রচলিত পদ্ধতিতে কাজ হচ্ছিল না।

২০২৩ সালের আগস্টে দ্বিতীয় মেয়ে আদিরা রিভারের জন্মের পরও একই সমস্যায় পড়েন তিনি। সন্তান জন্মের পর প্রথম দিকে কিছুটা ওজন কমলেও পরে আর তেমন পরিবর্তন আসেনি। একপর্যায়ে মনে হয়েছিল, হয়তো আর কখনোই কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারবেন না।

চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ

দীর্ঘদিন চেষ্টা করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় বিকল্প চিকিৎসার কথা ভাবেন সেরেনা। এ জন্য যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রোর (Ro) সঙ্গে। চিকিৎসকের পরামর্শে শুরু করেন জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহার। জিএলপি-১ বা গ্লুকাগন-লাইক পেপটাইড-১ একধরনের হরমোন, যা ক্ষুধা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই হরমোনের কার্যক্রম অনুকরণ করে তৈরি ওষুধ ক্ষুধা কমাতে এবং দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি তৈরি করতে সহায়তা করে। ফলে খাবার গ্রহণের পরিমাণ কমতে পারে।

তবে ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার আগে এর কার্যকারিতা, উপকারিতা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন সেরেনা। দ্বিতীয় সন্তানের জন্মের প্রায় ছয় মাস পর এবং বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পর সাপ্তাহিক ইনজেকশন নেওয়া শুরু করেন তিনি। ২০২৫ সালের আগস্টে ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেরেনা জানান, জিএলপি-১ ওষুধ ব্যবহারের মাধ্যমে ৩১ পাউন্ডের বেশি, অর্থাৎ প্রায় ১৪ কেজি ওজন কমিয়েছেন।

ওজন কমার পর যেসব পরিবর্তন

ওজন কমানোর পর দৈনন্দিন জীবনেও ইতিবাচক পরিবর্তন অনুভব করছেন সেরেনা। আগের তুলনায় বেশি কাজ করতে পারছেন, বেড়েছে চলাফেরা। শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথাও কমেছে। এমনকি নিচু হয়ে কোনো কিছু তোলার মতো সাধারণ কাজও এখন সহজ মনে হচ্ছে তাঁর কাছে।

তবে ওজন কমানোর পুরো প্রক্রিয়ায় স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চা চালিয়ে গেছেন তিনি। সেরেনার মতে, ওষুধ তাঁর আগে থেকে অনুসরণ করা স্বাস্থ্যকর জীবনযাপনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করেছে। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি আরও বলেছেন, ওজন বা শরীরের গড়ন যেমনই হোক, নিজেকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কোনো শারীরিক গড়ন ধরে রাখার চেয়ে সুস্থ ও স্বস্তিতে থাকাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

ওজন কমানোর ওষুধ কি সবার জন্য?

সেরেনার অভিজ্ঞতা আলোচনায় এলেও জিএলপি-১ শ্রেণির ওষুধ সবার জন্য উপযুক্ত নয়। চিকিৎসকেরা সাধারণত অতিরিক্ত ওজন বা স্থূলতার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হলে রোগীর শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় বিবেচনা করে এসব ওষুধ ব্যবহারের পরামর্শ দেন।

এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে গুরুতর জটিলতাও তৈরি হতে পারে। ওষুধ বন্ধ করার পর আবার ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের (এনআইডিডিকে) তথ্য অনুযায়ী, ওজন নিয়ন্ত্রণের ওষুধ স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের বিকল্প নয়। বরং জীবনযাপনে পরিবর্তনের পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করলে কিছু মানুষের ওজন কমাতে এবং তা ধরে রাখতে সহায়তা করতে পারে।

সেরেনা উইলিয়ামসের অভিজ্ঞতা আবারও সামনে এনেছে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যক্তিভেদে শরীরের ভিন্ন প্রতিক্রিয়ার বিষয়টি। তবে ওজন কমানোর জন্য ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: পিপল ম্যাগাজিন ও এল ম্যাগাজিন

সর্বশেষ

আরও