- Advertisement -Newspaper WordPress Theme

দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে ২৯ বছর বেতন দেবে রেনেটা

সড়ক দুর্ঘটনায় গত ১৯ আগস্ট প্রাণ হারান মো. আসাদুজ্জামান। তিনি দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পোস্টিং ছিলো মৌলভীবাজার। প্রতিদিনের মতো কাজে বের হয়ে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ওইদিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, সন্তান ও বাবা মা রেখে গেছেন।

৩১ বছর বয়সী আসাদুজ্জামেনর চাকরির বয়স ছিলো আরও ২৯ বছর। তার অবর্তমানে স্ত্রী, মা-বাবা ও তিন সন্তানদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। অবসরের নির্ধারিত বয়স পর্যন্ত অর্থাৎ আগামী ২৯ বছর তার পরিবারকে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে রেনাটা। সেইসঙ্গে নিয়ম অনুযায়ী বেতন বাড়লে সেই সুবিধাও পাবে পরিবার।

আসাদুজ্জামানের জানাজায় অংশ নিয়েছিলেন রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ওই ঘোষণা দেন। সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এক সংবাদমাধ্যমকে রেনাটার পক্ষ থেকে ২৯ বছর ধরে বেতন-ভাতা দেওয়ার ঘোষণার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। তার পরিবারে মা-বাবা, স্ত্রী ও তিন শিশুসন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। সেই সংসারে ১০ বছরের একটি ছেলে রয়েছে। আর দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাস বয়সী ছেলে সিয়াম।

আসাদুজ্জামানের চাচা ইউসুফ আলী বলেন, রেনাটার কর্মকর্তা বলেছিলেন, ‘আসাদুজ্জামান শুধু শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই। প্রাতিষ্ঠানিকভাবে তিনি রেনাটার সঙ্গেই থাকবেন। মাসে মাসে পরিবারকে বেতন-ভাতা দেওয়া হবে।’ এতে আসাদুজ্জামানের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও শিশুসন্তানেরা উপকৃত হবে।

একই গ্রামের শিক্ষক আবদুল হান্নান বলেন, রেনাটার পক্ষ থেকে আগামী শনিবার তাদের ঢাকায় যেতে বলা হয়েছে। তিনি এর জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করছেন। বেতন-ভাতা পরিবারের কাকে কতটুকু দেওয়া হবে, সেটা নিয়ে তারা এখনো আলোচনা করছেন।

এদিকে মৃত কর্মীকে ২৯ বছর ধরে বেতন-ভাতা দেওয়ার ঘোষণার বিষয়ে রেনাটার মানবসম্পদ বিভাগের প্রধান নিসবাত আনোয়ার বলেন, রেনাটায় এটা নতুন নয়। এর আগেও কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যাওয়া কর্মীদের কয়েকজনের পরিবারকে মাসে মাসে বেতন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কর্মীদের নিয়েই বড় হয় প্রতিষ্ঠান। তাই একজন কর্মীকে পরিবার হিসেবে বিবেচনা করে তার পাশে থাকার দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠানের।’

 

সর্বশেষ

আরও