- Advertisement -Newspaper WordPress Theme

চিকিৎসক সংকটে দুই মাস ধরে বন্ধ জলঢাকা হাসপাতালের ওটি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ কনসালটেন্টের সংকটে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার (ওটি)। ফলে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকের শরণাপন্ন হতে হচ্ছে তাঁদের। এতে বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।

জলঢাকা উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী ডিমলা উপজেলার অনেক বাসিন্দাও চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে ওটি বন্ধ থাকায় প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারছেন না রোগীরা। বিশেষ করে প্রসূতি, টিউমারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

চিকিৎসক সংকটের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় বিশেষজ্ঞ কনসালটেন্ট না থাকায় অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক মাহাদী হাসান বলেন, বিশেষজ্ঞ কনসালটেন্ট না থাকায় আপাতত অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। খুব শিগগিরই আবারও ওটির কার্যক্রম চালু হবে বলে আশা করছি।

এদিকে হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়ছেন প্রসূতির স্বজনেরা। সেবা নিতে আসা এক রোগীর স্বজন মাহবুবুর রহমান (৩০) (ছদ্মনাম) বলেন, স্ত্রীর সন্তান প্রসবের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসক ও নার্স জানিয়েছেন, স্বাভাবিক প্রসব সম্ভব নয়, সিজার করতে হবে। কিন্তু সরকারি হাসপাতালে সিজারের ব্যবস্থা না থাকায় বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। দুটি ক্লিনিকে যোগাযোগ করে সিজারের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা খরচের কথা জানতে পেরেছেন তিনি।

চিকিৎসা নিতে এসে ক্ষোভ প্রকাশ করে মাহবুবুর রহমান বলেন, ‘আমরা গরিব মানুষ। সরকারি হাসপাতালে যদি এই সেবা না পাই, তাহলে কোথায় যাব? এত টাকা দিয়ে কীভাবে সিজার করাব?’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসক ও বিশেষজ্ঞের অভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তাঁরা। বিশেষ করে ওটি কক্ষ তালাবদ্ধ থাকায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে।

ভুক্তভোগীদের দাবি, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলোতে দ্রুত বিশেষজ্ঞ কনসালটেন্ট নিয়োগ দিতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সরকারি চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আর্থিক ও স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন জলঢাকাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ।

সর্বশেষ

আরও