- Advertisement -Newspaper WordPress Theme

হেপাটাইটিস বি: ৯০ শতাংশই জানেন না নিজের সংক্রমণের কথা

বিশ্বজুড়ে হেপাটাইটিস বি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। অথচ এই ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ জানেনই না যে তাঁরা সংক্রমিত। ফলে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসার আওতায় আসছেন না অনেকেই। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব, নিয়মিত পরীক্ষা না করা এবং সামাজিক কুসংস্কারের কারণে হেপাটাইটিস বি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাধা তৈরি হচ্ছে।

বিশ্বব্যাপী ৩০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এ রোগে প্রতিবছর প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে আলোচনায় জানানো হয়। বাংলাদেশেও একসময় প্রতি ১২ জনে একজন হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন। বর্তমানে সংক্রমণের হার কিছুটা কমলেও রোগটি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। আক্রান্তদের বড় একটি অংশ রোগ সম্পর্কে অবগত না থাকায় চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন।

বুধবার (১৮ নভেম্বর) কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস শনাক্তকরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। কুমিল্লা লিভার ক্লাবের উদ্যোগে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, হেপাটাইটিস বি সংক্রমণ শনাক্তে সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত জরুরি। অনেকেই কোনো উপসর্গ অনুভব না করায় পরীক্ষা করান না। আবার সংক্রমণ শনাক্ত হওয়ার পরও সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করেন। অথচ যথাসময়ে রোগ শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে লিভারের গুরুতর জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।

আলোচনা সভায় বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা, স্বল্পমূল্যে টিকা এবং রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীরা সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিজেদের স্বাস্থ্যসমস্যা সম্পর্কে পরামর্শ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মো. ফরহাদ আবেদীনের লেখা ‘লিভার রোগীদের খাদ্য ও চিকিৎসা সহায়িকা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রইস আবদুর রব, কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক, সাধারণ সম্পাদক ডা. মো. ফরহাদ আবেদীন, নির্বাহী কমিটির সদস্য ডা. দেলোয়ার হোসেন, সহসভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরু, ট্রেজারার আবদুল হালিম, নির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম ও সামছুজ্জামান মানিক।

সেবা নিতে আসা শারমিন আক্তার মজুমদার, আবদুল অদুদ ও আবদুর রব জানান, তাঁরা নিয়মিত লিভার ক্লাবের সেবা গ্রহণ করছেন এবং এতে উপকৃত হচ্ছেন। তাঁদের মতে, হেপাটাইটিস বি-তে আক্রান্ত হলেও অনেকের মধ্যে রোগের গুরুতর লক্ষণ প্রকাশ না পাওয়া পর্যন্ত সংক্রমণের বিষয়টি অজানা থেকে যায়। দরিদ্র ও অসচ্ছল রোগীদের জন্য এ ধরনের উদ্যোগ বিশেষভাবে সহায়ক।

কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক বলেন, কুমিল্লা লিভার ক্লাব ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের সদস্য হিসেবে রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এবারের আয়োজনে ক্লাবের নিবন্ধিত রোগীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে পরিবারের অন্য কেউ সংক্রমিত কি না, তা পরীক্ষা করা যায়। তিনি আরও বলেন, অনেক রোগী লিভার সিরোসিস কিংবা ক্যানসারের মতো জটিলতা দেখা দেওয়ার পর চিকিৎসকের কাছে আসেন। অথচ আগেই সংক্রমণ শনাক্ত করা গেলে তাঁদের চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় আনা সম্ভব। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের পরীক্ষা করানো এবং আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা জরুরি।

হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত লিভারকে আক্রান্ত করে। সংক্রমিত ব্যক্তির রক্ত ও নির্দিষ্ট শারীরিক তরলের মাধ্যমে এটি ছড়াতে পারে। অনিরাপদ যৌনসম্পর্ক, দূষিত বা একই সুচ-সিরিঞ্জ ব্যবহার এবং সংক্রমিত মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে এ ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে সংক্রমণের শুরুতে কোনো লক্ষণ থাকে না। তবে দীর্ঘদিন ভাইরাস শরীরে সক্রিয় থাকলে লিভারের দীর্ঘস্থায়ী প্রদাহ, সিরোসিস ও লিভার ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। তাই শুধু শারীরিক উপসর্গের ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষার মাধ্যমে সংক্রমণ শনাক্ত করা গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, হেপাটাইটিস বি প্রতিরোধে টিকা গ্রহণ, নিরাপদ রক্ত সঞ্চালন, জীবাণুমুক্ত সুচ-সিরিঞ্জ ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের পরীক্ষা করানো প্রয়োজন। তবে আক্রান্ত হলেই সবার ওষুধ প্রয়োজন হয় না; চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা, নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা নির্ধারণ করতে হয়। উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিসমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্য সামনে রেখে ২০১৭ সালের ২০ জুলাই কুমিল্লা লিভার ক্লাব যাত্রা শুরু করে। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লিভার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানে কাজ করে আসছে।

সর্বশেষ

আরও