মুজাহিদ শুভ: জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকারের ঘাটতি নেই, কিন্তু বাস্তবায়নে অগ্রগতি কতটা? এই প্রশ্ন সামনে রেখেই তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর বিশ্বনেতা পর্যায়ের সম্মেলন। ১১ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে তাঁর বক্তব্যে। তবে বড় নিঃসরণকারী দেশগুলোর শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘাটতি নতুন করে প্রশ্ন তুলেছে।
গুতেরেস বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের পদক্ষেপের চেয়ে সংকটের গতি অনেক বেশি। তাঁর ভাষায়, জলবায়ু সংকট বিশ্বকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করে পরিচ্ছন্ন জ্বালানিতে দ্রুত রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজ্ঞান হাল ছেড়ে দিতে বলছে না, বরং আরও জোরালোভাবে লড়াই করতে বলছে।
জাতিসংঘ মহাসচিব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি ‘ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট’-এর প্রস্তাবও সামনে এনেছেন। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য সহায়তা ও অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
অঙ্গীকার আছে, বাস্তবায়ন কতটা?
সম্মেলনের আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জলবায়ু সহযোগিতা ও বাস্তব পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছেন। এবারের সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা ও অর্থায়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তবে জলবায়ু সম্মেলনগুলোতে একের পর এক অঙ্গীকার এলেও বাস্তবে তার প্রতিফলন নিয়ে প্রশ্ন রয়েছে। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রচেষ্টা চালানোর লক্ষ্য নির্ধারিত হয়েছিল। কিন্তু জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়ন বলছে, বর্তমান নির্গমন প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ব ওই সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরিও নতুন প্রতিশ্রুতির পরিবর্তে বাস্তবায়ন পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর বক্তব্যের মূল তাৎপর্য হলো, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু ঘোষণা নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
জলবায়ু আলোচনায় বড় শক্তিগুলোর অনুপস্থিতি
বিশ্বনেতাদের সম্মেলনে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতার অনুপস্থিতি আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে অংশ নিচ্ছেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রতিনিধিত্ব করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিশ্বনেতাদের এই পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন না।
বিশ্বের বড় অর্থনীতি ও প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ ছাড়া জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা এগোবে, তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। কারণ বৈশ্বিক নির্গমন কমানো, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে এসব দেশের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্জ্য ও মিথেন নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ
কপ৩১-এর বিশ্বনেতা পর্যায়ের সম্মেলনে ১১ নভেম্বর বর্জ্য ব্যবস্থাপনা, চক্রাকার অর্থনীতি এবং মিথেন নিঃসরণ কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘জিরো ওয়েস্ট, সার্কুলারিটি অ্যান্ড মিথেন’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তুরস্কের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রেসিডেন্ট অধ্যাপক হালিল হাসার জানিয়েছেন, এবারের সম্মেলনে বর্জ্য পুনর্ব্যবহার ও চক্রাকার অর্থনীতিতে জ্ঞান বিনিময়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বর্জ্য থেকে মিথেন নিঃসরণ কমাতে উচ্চপর্যায়ের বৈশ্বিক সংলাপের উদ্যোগ ঘোষণার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী পৌর বর্জ্য বৃদ্ধির পরিমাণ অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যও সামনে আনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ পচনশীল বর্জ্য থেকে উৎপন্ন মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বল্পমেয়াদে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমানোর সুযোগ রয়েছে।
বাংলাদেশের প্রত্যাশা জলবায়ু ন্যায়বিচারে
বিশ্বনেতাদের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নিয়েছেন। ১১ নভেম্বর উদ্বোধনী অধিবেশনের আগে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমাদ আল-সাবাহ এবং মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তারলেভসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে ১০ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং বাংলাদেশের জলবায়ু ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক নির্গমনে বাংলাদেশের অবদান সামান্য হলেও এর প্রভাব মোকাবিলায় দেশটিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিল এবং প্রযুক্তি সহায়তা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্যাশা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
কপ৩১-এর বিশ্বনেতা পর্যায়ের আলোচনা তাই কেবল নতুন অঙ্গীকারের মঞ্চ নয়, আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন পর্যালোচনারও সুযোগ। জলবায়ু সংকটের প্রভাব যখন ক্রমেই বাড়ছে, তখন বিশ্বনেতাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো ঘোষণাকে কার্যকর পরিকল্পনায় এবং পরিকল্পনাকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া।


