বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় নার্সরা রোগীর শয্যাপাশে থেকে চিকিৎসাসেবার ধারাবাহিকতা রক্ষা, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যশিক্ষা প্রদান, গবেষণা এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য। সময়ের সঙ্গে সঙ্গে নার্সিং পেশার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও কর্মপরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে উচ্চশিক্ষিত ও গবেষণায় দক্ষ নার্সের সংখ্যা। নার্সিংয়ে স্নাতক, স্নাতকোত্তর এমনকি পিএইচডি ডিগ্রিধারী পেশাজীবীরাও এখন এ খাতে অবদান রাখছেন।
কিন্তু প্রশ্ন হলো, নার্সদের এই অর্জিত জ্ঞান, দক্ষতা ও গবেষণালব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমাদের পদোন্নতি ব্যবস্থা ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা কতটা কার্যকর? উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের পরও যদি একজন নার্সের সামনে দায়িত্ব ও পদমর্যাদায় এগিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ না থাকে, তাহলে ব্যক্তির মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি রাষ্ট্রের বিনিয়োগ থেকেও প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হয়ে পড়ে।
একজন নার্স সরকারি চাকরিতে যোগদানের পর দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করেন, মাস্টার্স সম্পন্ন করেন, এমনকি পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। গবেষণা, প্রশিক্ষণ ও কর্ম-অভিজ্ঞতার মাধ্যমে তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নার্সিং শিক্ষার বিকাশ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী কাজে অবদান রাখার সক্ষমতা অর্জন করেন। কিন্তু সেই যোগ্যতা কাজে লাগানোর উপযোগী পদ, দায়িত্ব ও পদোন্নতির সুযোগ সীমিত থাকলে তা ব্যক্তিগত হতাশার পাশাপাশি দক্ষ জনবল ব্যবস্থাপনাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অতএব, নার্সদের পদোন্নতির বিষয়টি কেবল পদবি বা বেতন গ্রেড পরিবর্তনের প্রশ্ন নয় বরং এটি জাতীয় স্বাস্থ্যব্যবস্থার মানবসম্পদ উন্নয়ন, পেশাগত মর্যাদা এবং স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
লেখক, দেলোয়ার বিন আব্দুল আজিজ
রেজিস্ট্রার্ড নার্স (আর এন)
ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং (ডিসিএন)
নার্সিং কর্মকর্তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


