ঘুমের মধ্যে অনেকেই অজান্তে দাঁত কিড়মিড় করেন। কখনো দাঁতে দাঁত ঘষার শব্দে পাশে থাকা মানুষের ঘুমও ভেঙে যায়। অনেকে বিষয়টিকে সাধারণ অভ্যাস মনে করলেও চিকিৎসাবিজ্ঞানে এর নাম ‘ব্রুক্সিজম’ (Bruxism)। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক-যেকোনো বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে এ সমস্যা। কিন্তু ঘুমের মধ্যে কেন এমন হয়? এর পেছনে কি রয়েছে মানসিক চাপ, নাকি অন্য কোনো শারীরিক কারণ?
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেন্টাল অ্যান্ড ক্র্যানিওফেসিয়াল রিসার্চের (NIDCR) তথ্য অনুযায়ী, ব্রুক্সিজমের পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। মানসিক চাপ, উদ্বেগ, আবেগজনিত অস্থিরতা ও বংশগত প্রবণতা এর অন্যতম। এ ছাড়া অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, ধূমপান, অ্যালকোহল সেবন এবং কিছু নির্দিষ্ট ওষুধের প্রভাবেও দাঁত কিড়মিড় করার প্রবণতা বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, ঘুমের সমস্যার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। বিশেষ করে নাক ডাকা ও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঘুমের সময় দাঁত কিড়মিড় করার প্রবণতা দেখা যেতে পারে। তবে ঠিক কী কারণে ঘুমের মধ্যে এ সমস্যা তৈরি হয়, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
অনেকেই ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করার বিষয়টি নিজে বুঝতে পারেন না। পরিবারের সদস্য বা ঘুমের সঙ্গীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার পর চোয়ালে ব্যথা, মাথাব্যথা, দাঁতে শিরশির অনুভূতি কিংবা চোয়ালের পেশিতে ক্লান্তি দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে এমন অভ্যাস চলতে থাকলে দাঁতের এনামেল ক্ষয়, দাঁতে ফাটল এবং দাঁতের স্থায়ী ক্ষতি হতে পারে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের (NHS) পরামর্শ অনুযায়ী, নিয়মিত দাঁত কিড়মিড় করার সমস্যা দেখা দিলে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে দাঁতের সুরক্ষায় বিশেষ ধরনের মাউথগার্ড বা নাইট স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি মানসিক চাপ কমানো, নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলা এবং রাতে চা-কফি ও ধূমপান এড়িয়ে চলাও উপকারী হতে পারে।
তাই ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করাকে নিছক বদভ্যাস ভেবে অবহেলা করা ঠিক নয়। সময়মতো কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।


