দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি বৈশ্য নামে এক প্রসূতি মা। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। বিয়ের পর প্রথম চার নবজাতক পেয়ে খুশি খোকন বৈশ্য ও সুখি বৈশ্য। সুখি বৈশ্য দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ রাণীপুর এলাকার রাজমিস্ত্রি খোকন বৈশ্যের স্ত্রী।
দীর্ঘদিন সন্তান না হওয়ার পর চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন এই দম্পতি। অবশেষে একসঙ্গে চার সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা তারা।
তবে চার সন্তানকে ঘিরে আনন্দের পাশাপাশি নতুন দুশ্চিন্তাও দেখা দিয়েছে পরিবারে। পেশায় রাজমিস্ত্রি খোকনের সীমিত আয়ে চলে অভাব-অনটনের সংসার। এরই মধ্যে চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। চার সন্তানকে কীভাবে বড় করবেন, কীভাবে নিশ্চিত করবেন তাদের ভবিষ্যৎ-এমন চিন্তাও এখন ভাবিয়ে তুলছে এই বাবাকে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম নেওয়া চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি বড় সফলতা। তবে নবজাতকদের ঝুঁকি পুরোপুরি কেটে না যাওয়ায় তাদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


