- Advertisement -Newspaper WordPress Theme

অ্যালুমিনিয়ামের হাঁড়ি থেকে খাবারে ছড়াচ্ছে বিষাক্ত সিসা

স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে বিষাক্ত ধাতু সিসা। বিশেষ করে নতুন হাঁড়িতে প্রথম কয়েকবার রান্নার সময় সিসার মাত্রা বেশি পাওয়া গেছে। এতে শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি রয়েছে। তাই রান্নার পাত্র তৈরিতে সিসার ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড নির্ধারণের আহ্বান জানিয়েছেন গবেষকেরা।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণার ফল নেচার পাবলিশিং গ্রুপের ‘জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে কী পরিমাণ সিসা ও অম্লতা স্থানান্তরিত হয় এবং পরিষ্কার করার পদ্ধতি ও রান্নার অভ্যাসের কারণে এর কী পরিবর্তন ঘটে, তা পরীক্ষা করা হয়।

বাংলাদেশের গ্রামীণ শিশুদের স্বাভাবিক ভাত খাওয়ার পরিমাণ বিবেচনায় গবেষকেরা হিসাব করেছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর শরীরে খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের পরিমাণ যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) নির্ধারিত সীমার পাঁচ গুণেরও বেশি হতে পারে।

আইসিডিডিআর,বির এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ বিভাগের প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মাহবুবুর রহমান বলেন, রান্নার পাত্রের ক্ষেত্রে সিসাবিষয়ক সুস্পষ্ট নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ এবং বাজারে এসব পাত্র বিক্রির ক্ষেত্রে নজরদারি জোরদার করতে বিএসটিআই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, সাশ্রয়ী মূল্যের রান্নার পাত্রও নিরাপদ হওয়া জরুরি। উন্নত উৎপাদন প্রক্রিয়া ও কার্যকর তদারকির মাধ্যমে পরিবারগুলো যাতে সিসার ঝুঁকি ছাড়াই দৈনন্দিন খাবার প্রস্তুত করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

গবেষকেরা বলছেন, মানহীন ভাঙারি ধাতু বা স্ক্র্যাপ মেটাল দিয়ে তৈরি রান্নার পাত্র থেকে সিসার ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশে পুরোনো অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের বিনিময়ে নতুন হাঁড়িপাতিল নেওয়ার প্রচলন রয়েছে। তবে গবেষণায় সরাসরি এ ধরনের বিনিময়প্রক্রিয়া পরীক্ষা করা হয়নি।

গবেষণায় স্থানীয় বাড়িঘর থেকে সংগ্রহ করা সাতটি ব্যবহৃত পাত্র এবং একজন সরবরাহকারীর কাছ থেকে কেনা ২০টি নতুন পাত্র পরীক্ষা করা হয়। প্রথমে পাত্রগুলোর ধাতুতে সিসার পরিমাণ নির্ণয় করা হয়। এরপর সেগুলোতে সাধারণ সাদা ভাত ও ডাল-চালের খিচুড়ি রান্না করে খাবার ও তরলে সিসার মাত্রা পরিমাপ করেন গবেষকেরা।

এতে দেখা যায়, পরীক্ষা করা প্রতিটি নতুন ও পুরোনো পাত্র থেকেই সিসা নির্গত হয়েছে। নতুন পাত্রে প্রথমবার রান্নার ক্ষেত্রে প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং প্রতি কেজি খিচুড়িতে সর্বোচ্চ ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে।

অন্যদিকে, নবজাতক ও ছোট শিশুদের খাবারের জন্য মার্কিন এফডিএ নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রাম। অর্থাৎ গবেষণায় পাওয়া সিসার সর্বোচ্চ মাত্রা নির্ধারিত সীমার ৩০ থেকে ৪২ গুণ। বারবার ব্যবহারে সিসার নির্গমন কিছুটা কমলেও তৃতীয়বার রান্নার সময়ও এর উপস্থিতি পাওয়া গেছে। এমনকি সাতটি ব্যবহৃত পাত্রের মধ্যে ছয়টিতে রান্না করা ভাতেও সিসা শনাক্ত হয়েছে।

পাত্র পরিষ্কার ও ব্যবহারের পদ্ধতির ওপরও সিসা নির্গমনের মাত্রা নির্ভর করে। নতুন পাত্র স্টিলের তারের মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করলে না ঘষে পরিষ্কার করার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সিসা নির্গত হয়। রান্নার সময় ধাতব খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেও সিসার নির্গমন বেড়ে যায়।

গবেষকেরা জানান, সিসা শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও আচরণে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রক্তে সিসার উপস্থিতির কোনো নিরাপদ মাত্রা নেই।

তবে গবেষকেরা উল্লেখ করেছেন, এটি ছিল স্বল্পপরিসরের পরীক্ষাগারভিত্তিক গবেষণা। শিশুদের শরীরে সিসা গ্রহণের পরিমাণ সরাসরি পরিমাপ না করে গাণিতিক মডেলের মাধ্যমে হিসাব করা হয়েছে। তাই অন্যান্য ধরনের রান্নার পাত্র ও দৈনন্দিন রান্নার অভ্যাসের ওপর আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ

আরও