জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) সম্মেলনে অংশ নেবেন সরকারপ্রধান।
এর আগে গত সেপ্টেম্বরে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওই সফরে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। ২৪ সেপ্টেম্বর দেওয়া ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন তিনি। ওই আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় উঠে আসে।
সফরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যান তারেক রহমান। ২৯ অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়।


