বাংলাদেশের চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সৈয়দা ফাতেমা আলম ‘ইয়াং ফিজিশিয়ান লিডার্স’ (ওয়াইপিএল) ২০২৬ কর্মসূচিতে নির্বাচিত হয়েছেন। ইউনেসকোর সহযোগিতায় দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস) এবং ইন্টারঅ্যাকাডেমি পার্টনারশিপের (আইএপি) উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৩ জন তরুণ চিকিৎসক নির্বাচিত হয়েছেন।
কর্মসূচির অংশ হিসেবে জার্মানির বার্লিনে অবস্থিত ইএসএমটি বার্লিনে ৮-১১ অক্টোবর তিন দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় অংশ নেন ডা. ফাতেমা আলম। পাশাপাশি তিনি ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’ ২০২৬-এ অংশগ্রহণ করেন।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যনীতিতে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ডা. ফাতেমা আলম। এ বিষয়ে তিনি বাংলাদেশের ফার্স্ট লেডি, স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে তাঁর বক্তব্য তুলে ধরেন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানসিক সুস্থতা, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এবং প্রতিরোধমূলক মানসিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দেন তিনি।
ডা. সৈয়দা ফাতেমা আলম দীর্ঘদিন ধরে চিকিৎসা, জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কাঠামোবদ্ধ মানসিক স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং চিকিৎসকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।


