- Advertisement -Newspaper WordPress Theme

যমজের আশ্বাসে সিজার, ভূমিষ্ঠ হলো এক নবজাতক

নওগাঁর বদলগাছী উপজেলার শান্তনা ও শান্ত ইসলাম দম্পতি স্বপ্ন দেখেছিলেন যমজ সন্তানের মুখ দেখবেন। কিন্তু সেই স্বপ্ন এখন অনিশ্চয়তায় পরিণত হয়েছে। গর্ভাবস্থায় পরপর দুটি আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় শান্তনাকে যমজ সন্তানের কথা জানানো হয়েছিল। তবে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় একটি কন্যাশিশু। অপর নবজাতকের বিষয়ে কোনো তথ্য না পেয়ে বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের বলাকা নামের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্লিনিকটিতে উত্তেজনা, বাগ্‌বিতণ্ডা ও সমঝোতার চেষ্টা চলে। খবর পেয়ে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে নওগাঁ সদর থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী প্রসূতির স্বামী শান্ত ইসলাম। তাঁর দাবি, অপর নবজাতকের সন্ধান বের করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
শান্ত ইসলাম জানান, স্ত্রীর গর্ভাবস্থায় গত ১২ ও ২১ অক্টোবর পৃথক দুটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে দুটি জীবিত ভ্রূণ থাকার কথা উল্লেখ করা হয়েছিল। প্রথমে জয়পুরহাটের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়। পরে ২১ অক্টোবর নওগাঁ শহরের রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারেও আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও যমজ সন্তানের কথা জানানো হয়।

শান্ত ইসলামের ভাষ্য, আল্ট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক দিনাও তাদের যমজ সন্তান হওয়ার কথা জানিয়েছিলেন। এমনকি এ উপলক্ষে মিষ্টি খাওয়ার জন্য ৫০০ টাকা চেয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

শান্ত ইসলাম আরও বলেন, চিকিৎসক ডা. মাহফুজা খাতুন তাদের জানান, যমজ সন্তান হওয়ায় সিজারিয়ান অস্ত্রোপচার করতে হবে, স্বাভাবিক প্রসব সম্ভব নয়। তাঁর পরামর্শেই বৃহস্পতিবার বিকেলে স্ত্রীকে নওগাঁর বলাকা ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে ওই চিকিৎসকের অধীনেই অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচারের পর পরিবারের কাছে একটি কন্যাশিশু হস্তান্তর করা হলেও অপর সন্তানটির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

শান্ত ইসলামের অভিযোগ, অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। উল্টো বিষয়টি ধামাচাপা দিতে তাকে আর্থিক প্রস্তাব দেওয়া হয়। এ কারণে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি অপর নবজাতকের সন্ধান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রসূতি শান্তনা আক্তারও অভিযোগ করেন, অস্ত্রোপচারের আগে চিকিৎসক ও ক্লিনিকের লোকজন তাদের জানিয়েছিলেন, তার গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু অস্ত্রোপচারের পর তাকে একটি কন্যাশিশু দেখানো হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা প্রতিবাদ করেন। এ সময় তার পেটের অস্ত্রোপচারের কাটা অংশ সেলাই না করে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ফেলে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।

শান্তনা বলেন, ‘পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে তারা আমার পেটের কাটা অংশ সেলাই না করে ফেলে রাখে। এ সময় মোবাইল ফোনে ভিডিও করে এবং বলে, তাদের কথা না শুনলে এ অবস্থায় রেখেই চলে যাবে। পরে আমার শরীরে কাঁপুনি শুরু হলে আমি বলি, আপনাদের সব কথা শুনব, আগে পেটের সেলাই করেন। এরপর চিকিৎসক আমার সঙ্গে রাগারাগি ও হুমকি-ধমকি দিয়ে ভিডিও ধারণ করেন। পরে পেটের কাটা অংশ সেলাই করা হয়। আমি আমার দুই সন্তানকেই চাই। আমার আরেক সন্তান কোথায়, তা জানতে চাই।’

এ বিষয়ে রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করা চিকিৎসক দিনা বলেন, ‘আমি তার সর্বশেষ একটি আল্ট্রাসনোগ্রাম করেছিলাম। আমার মেশিনে যেভাবে দেখা গেছে, আমি রোগীকে সেটাই জানিয়েছি। হয়তো ভুল হতে পারে। কারণ, অনেক সময় মেশিনে একটি শিশুর মাথা দুটি দেখা যায়। এ কারণে আমি যমজ সন্তানের কথা বলেছিলাম। যেহেতু অস্ত্রোপচারে একটি শিশুর জন্ম হয়েছে, তাই আমার মেশিনে ভুল হতে পারে।’

তবে নিজের কোনো ভুল বা দায় নেই বলে দাবি করেছেন রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক শরিফুল। তিনি বলেন, ‘এখানে ডা. মাহফুজা খাতুনের নির্দেশনায় চিকিৎসক দিনা আল্ট্রাসনোগ্রাম করেছিলেন। দিনা ম্যাডাম যমজ সন্তানের প্রতিবেদন দিয়েছিলেন। কিন্তু সিজারের পর জানতে পারলাম, একটি শিশুর জন্ম হয়েছে। এখন রোগীর স্বজনদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে রিপোর্ট সঠিক, নাকি অস্ত্রোপচারের তথ্য সঠিক? আল্ট্রাসনোগ্রামের প্রতিবেদন চিকিৎসকই তৈরি করেন। তাই প্রতিবেদন সঠিক কি না, সে বিষয়ে চিকিৎসকই জবাব দিতে পারবেন। তবে আমি যথাযথ প্রক্রিয়া মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছি এবং চিকিৎসক নিয়োগ দিয়েছি।’

একইভাবে নিজের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক। তিনি বলেন, ‘ডা. মাহফুজা খাতুনের পরামর্শেই ওই নারীকে আমার ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তিনিই নিজে অস্ত্রোপচার করেছেন। এর আগে তাঁর নির্দেশেই রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারে দিনা নামের একজন চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করেছিলেন। আমার এখানে শুধু অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর নবজাতক পরিবারের হাতে তুলে দেওয়ার পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে। পুলিশ এসে ফুটেজ দেখে গেছে।’

সমঝোতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, ‘বরং রোগীর স্বজনরাই আমাকে রি-লাইফে নিয়ে গিয়েছিলেন এবং দুই লাখ টাকা চেয়েছিলেন। সেখানে উপস্থিত সবার সামনে আমি বলেছিলাম, সিজারের খরচ রি-লাইফ বহন করবে। কিন্তু রোগীর স্বজনেরা তা শোনেননি। আর চিকিৎসক দিনার কথাবার্তাও তেমন ভালো নয়। এ ঘটনায় আমার কোনো গাফিলতি বা দায় নেই।’

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘বাদী এজাহার দিয়েছেন। এজাহারের পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পরই আমি একজন অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ভুক্তভোগীর পক্ষ থেকে আবেদন করা হলে নিরপেক্ষ তদন্ত শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে অভিযোগের মুখে থাকা চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তথ্য: বাংলা নিউজ

সর্বশেষ

আরও