- Advertisement -Newspaper WordPress Theme

জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়ার আহ্বান জাতিসংঘের মহাসচিবের

জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তেল ও গ্যাস কোম্পানিগুলোর বিরুদ্ধে জলবায়ুবিষয়ক বিজ্ঞানকে বিকৃত করা এবং নীতিনির্ধারণে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস। তিনি বলেন, জলবায়ু সংকট আমাদের নিয়ন্ত্রণের চেয়েও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো পৃথিবীকে ধ্বংস করে বিপুল মুনাফা অর্জন করছে। জীবাশ্ম জ্বালানিকে একসময় ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে। তবে সেটি নিজে থেকে ঘটবে না।

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানির পক্ষে থাকা গোষ্ঠীগুলো বিজ্ঞানকে বিকৃত করছে, নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্ব ঘটাচ্ছে। এখনই এই প্রবণতা বন্ধ করে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে।

গত সপ্তাহে তুরস্কে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ কয়েকজন বিশ্বনেতার অনুপস্থিতি এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সম্মেলন থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা কম।

সম্মেলনে অংশ নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতারা সম্মেলনে অনুপস্থিত রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে অংশ নিচ্ছেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রতিনিধিত্ব করছেন।

ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন জলবায়ু কূটনীতি বিশেষজ্ঞরা। থিংক ট্যাংক ইথ্রিজির বিশেষজ্ঞ কোসিমা ক্যাসেল বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় ইউরোপের বড় নেতাদের জোরালো উপস্থিতি প্রয়োজন ছিল।

এদিকে, কপ৩১-এর আয়োজক তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার উদ্যোগ নিয়েছে। তবে এ বিদ্যুৎ উৎপাদন কতটা পরিবেশবান্ধব হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে ঐকমত্যে পৌঁছান বিশ্বনেতারা। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

সর্বশেষ

আরও