- Advertisement -Newspaper WordPress Theme

দেশে সাশ্রয়ী ওষুধের পথপ্রদর্শক ডা. জাফরুল্লাহ চৌধুরী

একসময় বাংলাদেশের ওষুধের বাজার ছিল বিদেশি বহুজাতিক কোম্পানির আধিপত্যে। প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি বাজার দখল করে ছিল নানা অপ্রয়োজনীয় ওষুধ, টনিক ও বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি পণ্য। অনেক জীবনরক্ষাকারী ওষুধের দামও ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা ফেরানো তখন সময়ের দাবি হয়ে উঠেছিল।

এই বাস্তবতায় ১৯৮২ সালে প্রণীত জাতীয় ঔষধ নীতি দেশের ওষুধশিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে বিবেচিত হয়। অপ্রয়োজনীয় ওষুধের উৎপাদন ও আমদানি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ওষুধের তালিকা তৈরি এবং দাম নিয়ন্ত্রণের মতো পদক্ষেপের মধ্য দিয়ে বদলে যেতে শুরু করে দেশের ওষুধের বাজার। ধীরে ধীরে দেশীয় ওষুধশিল্পের জন্যও তৈরি হয় নতুন সম্ভাবনা।

তবে এই পরিবর্তনের গল্প কেবল ১৯৮২ সালে এসে শুরু হয়নি। এর পেছনে ছিল দীর্ঘদিনের আলোচনা, উদ্যোগ, বিরোধিতা এবং সংস্কারের চেষ্টা। আর এই ইতিহাস বলতে গিয়ে প্রায়ই সামনে আসে একটি নাম-ডা. জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় ঔষধ নীতি প্রণয়নে তাঁর অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু পুরো পরিবর্তনের কৃতিত্ব কি এককভাবে তাঁর? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই পথ তৈরিতে আরও অনেকের অবদান ছিল।

সংস্কারের ভাবনা শুরু হয়েছিল আগেই

১৯৭২ সালেই অধ্যাপক নুরুল ইসলামের নেতৃত্বে দেশের ওষুধের মান ও প্রয়োজনীয়তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ড. এম এম হক একটি ওষুধনীতির খসড়া অনুমোদনের উদ্যোগ নেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী তাঁর নিজের লেখায় এই উদ্যোগের কথা উল্লেখ করেছেন। তবে শিল্পমহলের বিরোধিতার কারণে সেটি বাস্তবায়িত হয়নি। এমনকি এই উদ্যোগের জেরে ড. এম এম হককে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল বলেও দাবি করেছেন জাফরুল্লাহ। অর্থাৎ, ওষুধের বাজার সংস্কারের প্রয়োজনীয়তা ১৯৮২ সালের জাতীয় ঔষধ নীতির অনেক আগেই আলোচনায় এসেছিল। কিন্তু নানা বাধায় সেই উদ্যোগ বাস্তব রূপ পায়নি।

সংস্কারের পক্ষে সক্রিয় ছিলেন জাফরুল্লাহ

ওষুধের বাজারে বহুজাতিক কোম্পানির একচেটিয়া প্রভাব, অপ্রয়োজনীয় ওষুধের আধিক্য এবং উচ্চমূল্যের বিরুদ্ধে দীর্ঘদিন সোচ্চার ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ১৯৮১ সালে তিনি প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস। এর লক্ষ্য ছিল স্বল্পমূল্যে প্রয়োজনীয় ও মানসম্মত ওষুধ উৎপাদন করা। এই উদ্যোগের মধ্য দিয়ে দেশীয়ভাবে ওষুধ উৎপাদনের সক্ষমতা এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী দামে ওষুধ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তুলে ধরেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় ঔষধ নীতি প্রণয়নের প্রক্রিয়াতেও সরাসরি যুক্ত হন।

আট সদস্যের কমিটি, সম্মিলিত উদ্যোগে নীতি প্রণয়ন

১৯৮২ সালের ২৭ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। অধ্যাপক নুরুল ইসলামকে করা হয় কমিটির চেয়ারম্যান। ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এই কমিটির অন্যতম সদস্য। বাজারে প্রচলিত ওষুধ পর্যালোচনা করে কমিটি ১৬টি মানদণ্ড নির্ধারণ করে। এসব মানদণ্ডের ভিত্তিতে অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও অকার্যকর ওষুধ প্রত্যাহার এবং সেগুলোর উৎপাদন নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় ঔষধ নীতির কাঠামো কোনো একজন ব্যক্তির একক প্রচেষ্টায় তৈরি হয়নি। বিশেষজ্ঞ কমিটির সদস্যদের সম্মিলিত পর্যালোচনা, আলোচনা ও সুপারিশের মধ্য দিয়েই নীতিটির ভিত্তি তৈরি হয়েছিল। কমিটির নেতৃত্বে ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম। আর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্য বিশেষজ্ঞরা।

যেভাবে বদলে যায় ওষুধের বাজার

জাতীয় ঔষধ নীতির আওতায় প্রয়োজনীয় ওষুধের তালিকা তৈরি করা হয়। এসব ওষুধের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অপ্রয়োজনীয় ওষুধের উৎপাদন ও আমদানি সীমিত করা হয়। দেশীয় ওষুধ প্রস্তুতকারকদের জন্য তৈরি হয় নতুন সুযোগ। ওষুধের কাঁচামাল আমদানিতেও প্রতিযোগিতামূলক বাজার থেকে কেনাকাটার নীতি গ্রহণ করা হয়।

১৯৮২ সালের ২৯ মে মন্ত্রিসভা নীতিটির সুপারিশ অনুমোদন করে। পরে ১২ জুন ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনি ভিত্তি পায়। অর্থাৎ, বিশেষজ্ঞ কমিটি নীতির সুপারিশ ও কাঠামো তৈরির কাজ করলেও সেটি অনুমোদন এবং বাস্তবায়নের দায়িত্ব ছিল তৎকালীন সরকারের।

নীতিটির প্রভাবও ছিল উল্লেখযোগ্য। Organisation for Economic Co-operation and Development (OECD)-এর ২০২৩ সালের পর্যালোচনা অনুযায়ী, ১৯৮২ থেকে ১৯৯২ সালের মধ্যে সাধারণ ভোক্তা মূল্য ১৭০ শতাংশ বাড়লেও নিয়ন্ত্রিত প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছিল মাত্র ৮ শতাংশ। একই সময়ে প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা ২০ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৯০ শতাংশে। এই পরিসংখ্যান ওষুধের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নীতিটির গুরুত্ব তুলে ধরে।

সাফল্যের পেছনে ছিল আরও অনেক উপাদান

তবে দেশের ওষুধশিল্পের পরবর্তী প্রবৃদ্ধিকে শুধু জাতীয় ঔষধ নীতির ফল হিসেবে দেখার সুযোগ নেই। শিল্পে বিনিয়োগ, প্রযুক্তির উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং দেশি-বিদেশি বাজার সম্প্রসারণও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

অন্যদিকে, নীতির সুফল দেশের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। ২০১২ সালের একটি গবেষণায় দেখা যায়, যথাযথ তদারকির অভাবে প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত ছিল।

একক কৃতিত্বের বাইরে জাতীয় ঔষধ নীতির ইতিহাস

জাতীয় ঔষধ নীতির ইতিহাস নিয়ে আলোচনায় প্রায়ই ডা. জাফরুল্লাহ চৌধুরীকে একক উদ্যোক্তা কিংবা ওষুধের দাম সাধারণ মানুষের নাগালে আনার একমাত্র কৃতিত্বের অধিকারী হিসেবে উপস্থাপন করা হয়। বিভিন্ন আলোচনা, স্মৃতিচারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমের লেখায় এমন ধারণাও তৈরি হয়েছে যে, তাঁর একক প্রচেষ্টাতেই দেশের ওষুধের বাজারে আমূল পরিবর্তন এসেছিল।

কিন্তু ঐতিহাসিক ঘটনাপ্রবাহের দিকে তাকালে দেখা যায়, এই পরিবর্তন ছিল দীর্ঘদিনের প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগের ফল। ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাঁর আগে সংস্কারের উদ্যোগ নেওয়া অধ্যাপক নুরুল ইসলাম ও ড. এম এম হকের ভূমিকাও ইতিহাসের অংশ। ১৯৮২ সালের বিশেষজ্ঞ কমিটির নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম। কমিটির অন্য সদস্যরাও নীতি প্রণয়নে অবদান রেখেছেন। আর নীতিটিকে আইনি ভিত্তি দেওয়া ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে তৎকালীন সরকার।

তাই জাতীয় ঔষধ নীতির সাফল্যকে কোনো একজনের একক অর্জন হিসেবে দেখার চেয়ে এর পেছনে থাকা সম্মিলিত প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়াই ইতিহাসের প্রতি সুবিচার। ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করার অর্থ অন্যদের অবদান আড়াল করা নয়; বরং দেশের ওষুধশিল্পের পরিবর্তনের প্রকৃত ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা।

সর্বশেষ

আরও