বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনেই চেম্বার খুলে এমবিবিএস চিকিৎসক সেজে রোগী দেখার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন আব্দুল করিম। তবে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ তাঁর ছিল না। অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার ও চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা সাজ্জাদ-উল-হক অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার নামে প্রতারণা রোধ ও অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।


