জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের দাবি ও প্রত্যাশা তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। এতে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরবেন তিনি।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে উচ্চপর্যায়ের এই প্লেনারি অধিবেশন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকেরও কর্মসূচি রয়েছে।
এর আগে বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এ অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি।
এ সময় ওআইসির মহাসচিব ইসমাইল উল্দ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।


