একসময় কৃষিকাজের সঙ্গে বেশি সম্পৃক্ত ছিলেন প্রবীণ ও স্বল্পশিক্ষিত মানুষ। রোদে পুড়ে, মাঠে-ঘাটে পরিশ্রম করে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা কৃষির চাকা সচল রেখেছেন। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। এখন কৃষির মাঠে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণেরা। কেউ চাকরির পেছনে না ছুটে গড়ে তুলছেন খামার, কেউ আধুনিক প্রযুক্তিতে করছেন চাষাবাদ। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন কৃষিপণ্য।
কৃষিপ্রধান বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কৃষিকে অনেকেই কম আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষিত তরুণদের বড় একটি অংশের লক্ষ্য ছিল সরকারি কিংবা বেসরকারি চাকরি। তবে চাকরির অনিশ্চয়তা, উদ্যোক্তা হওয়ার আগ্রহ, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এবং কৃষিতে নতুন সম্ভাবনা-সব মিলিয়ে বদলাতে শুরু করেছে সেই ধারণা।
এখন অনেক তরুণ পড়াশোনা শেষে গ্রামে ফিরে বাবার পুরোনো জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। কেউ আবার জমি লিজ নিয়ে গড়ে তুলছেন কৃষি খামার। কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন ও বিপণনের নতুন সুযোগও তাঁদের আগ্রহ বাড়াচ্ছে।
পিরোজপুরের মিরাজ হাওলাদার তাঁদেরই একজন। বর্তমানে তিনি ব্রুনাইয়ে রাজিকিন এন্টারপ্রাইজের ভেনামি চিংড়ি উৎপাদন প্রকল্পে প্রজেক্ট সুপারভাইজার হিসেবে কর্মরত। এর আগে দেশে থাকাকালে মাছ চাষ, গরু ও মুরগির খামার, নার্সারি, ধান ও শাকসবজি চাষসহ কৃষির বিভিন্ন খাতে যুক্ত ছিলেন।
বাংলাদেশের কৃষিতে শিক্ষিত তরুণদের সম্পৃক্ততা বাড়ার কারণ ব্যাখ্যা করে মিরাজ হাওলাদার বলেন, ‘কৃষিখাতে শিক্ষিত ও তরুণদের সম্পৃক্ততা বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। এর মধ্যে অন্যতম হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফসলের রোগবালাই সঠিকভাবে শনাক্ত করা এবং উন্নত উৎপাদন ও বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান। একসময় কৃষিতে মূলত সনাতন পদ্ধতির ব্যবহার বেশি ছিল। আধুনিক প্রযুক্তি থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার ও প্রয়োগের সুযোগ সীমিত ছিল। তবে বর্তমানে শিক্ষিত তরুণেরা কৃষিতে যুক্ত হয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করছেন।’
তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বের কৃষিপদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষিত তরুণেরা অল্প জায়গায় অধিক ফসল উৎপাদনের কৌশল প্রয়োগ করছেন। পাশাপাশি ফসলের রোগবালাই দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, রাসায়নিক উপকরণের ব্যবহার কমানো এবং জৈব পদ্ধতিতে রোগবালাই নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছেন। মূলত আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ শনাক্তকরণ, সীমিত জায়গায় অধিক উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি অনুসরণের মাধ্যমে তাঁরা কৃষিতে সফলতা অর্জন করছেন।’
শুধু গ্রাম নয়, শহর ও শহরতলিতেও কৃষির নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। জায়গার সীমাবদ্ধতা বিবেচনায় ছাদবাগান, নার্সারি এবং নিয়ন্ত্রিত পরিবেশে সবজি উৎপাদনের মতো উদ্যোগে যুক্ত হচ্ছেন অনেকে। শিক্ষিত গৃহিণীরাও এসব উদ্যোগে অংশ নিচ্ছেন। অন্যদিকে তরুণ উদ্যোক্তারা সেচব্যবস্থা, মালচিং, হাইড্রোপনিকস, ভার্টিক্যাল ফার্মিং ও গ্রিনহাউস পদ্ধতির মতো আধুনিক কৌশল ব্যবহার করছেন। এসব পদ্ধতিতে পানি, সার ও অন্যান্য উপকরণের অপচয় কমানোরও সুযোগ রয়েছে।
কৃষিতে তরুণদের অংশগ্রহণ শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নেই। বাজারজাতকরণেও তাঁরা নিয়ে আসছেন নতুনত্ব। আগে কৃষকের উৎপাদিত পণ্য কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছাত। এতে অনেক সময় ন্যায্য দাম থেকে বঞ্চিত হতেন কৃষক। অন্যদিকে ক্রেতাকেও পণ্য কিনতে গুনতে হতো বেশি দাম।
বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি ক্রেতার কাছে কৃষিপণ্য পৌঁছে দিচ্ছেন। কেউ আবার কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে তৈরি করছেন নতুন বাজার।
এতে কৃষকের পণ্য বিক্রির সুযোগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে। ফলে কৃষি এখন শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হচ্ছে বিপণন, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মতো সম্ভাবনাময় খাত।
সব মিলিয়ে প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তা হওয়ার সুযোগ, নতুন বাজার সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা-কৃষিতে শিক্ষিত তরুণদের আগ্রহ বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের এই অংশগ্রহণ দেশের কৃষিকে আরও আধুনিক ও বহুমুখী করার নতুন সম্ভাবনা তৈরি করছে।


